ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য নতুন সমঝোতা চুক্তিকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশেষ করে লেবানন-সংক্রান্ত ধারা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পিছিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে তেল আবিব।
ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের বরাতে জানা গেছে, চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে সরাসরি উদ্বেগ জানিয়েছেন নেতানিয়াহু। এদিকে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় থাকা এই সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারায় লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাত স্থায়ীভাবে বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এতে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে হিজবুল্লাহ কোনো ধরনের হামলা বা উসকানি দিলে ইসরাইল পাল্টা জবাব দেওয়ার অধিকার বজায় রাখবে।
তবে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পিছিয়ে দেওয়ার বিষয়টি। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই কেবল পারমাণবিক ইস্যুতে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।
নেতানিয়াহুর আশঙ্কা, ইরানের পারমাণবিক কার্যক্রমকে তাৎক্ষণিক গুরুত্ব না দিয়ে ভবিষ্যতের জন্য ফেলে রাখা হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এ কারণেই তিনি বিষয়টি নিয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন বলে জানিয়েছে ইসরাইলি সূত্র।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


