ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানিসহ কয়েকটি দেশের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফ্রান্স, স্পেন ও ইতালিতে রেকর্ড উচ্চ তাপমাত্রা দেখা দেওয়ায় বিভিন্ন ধরনের জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, অতিরিক্ত গরম থেকে স্বস্তি পেতে নদী ও জলাশয়ে নামার সময় দুর্ঘটনায় গত বৃহস্পতিবার থেকে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সি এক কিশোরীও রয়েছে, যে পরিবারের সঙ্গে সেঁন নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়।
তাপপ্রবাহের কারণে ফ্রান্সের অন্যতম পর্যটন আকর্ষণ আইফেল টাওয়ার মঙ্গলবার নির্ধারিত সময়ের অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়। একইভাবে বিশ্বের সর্বাধিক দর্শনার্থীসমৃদ্ধ ল্যুভ জাদুঘরও বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী মারিনা ফেরারি সতর্ক করে বলেছেন, অনেক মানুষ নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে নদী ও জলাশয়ে নামছেন, যা প্রাণহানির ঘটনা বাড়িয়ে দিচ্ছে। তিনি নিরাপদ নয় এমন স্থানে সাঁতার না কাটার আহ্বান জানান।
ফরাসি আবহাওয়া সংস্থার তথ্যমতে, মঙ্গলবার দেশটিতে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে সোমবার রাতটি ছিল ফ্রান্সের ইতিহাসের সবচেয়ে উষ্ণ রাত; সেদিন সর্বনিম্ন গড় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, দক্ষিণাঞ্চলীয় কারপন্ত্রা শহরে একটি পারিবারিক গাড়ির ভেতরে ২ ও ৪ বছর বয়সি দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া লিঁওর কাছে রোন নদী থেকে উদ্ধার করা এক তরুণ পেশাদার ফুটবলার গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্পেনেও পরিস্থিতি উদ্বেগজনক। দেশটির কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্দালুসিয়া, কান্তাব্রিয়া ও বাস্ক অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দেশটির ১০১টি আবহাওয়া কেন্দ্রে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। আন্দুহারে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে।
ইতালির রোম, মিলান, ফ্লোরেন্স, তুরিন ও ভেনিসসহ ১৫টি শহরে লাল সতর্কতা জারি করা হয়েছে। শ্রমিকদের সুরক্ষায় দিনের সবচেয়ে গরম সময়গুলোতে কৃষি ও নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার উদ্যোগ পুনরায় চালু করেছে দেশটির সরকার।
জার্মানিতেও তাপপ্রবাহের প্রভাব বাড়ছে। দেশটির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জার্মান লাইফসেভিং অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত সপ্তাহান্তে সাঁতার কাটতে গিয়ে অন্তত ছয়টি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।
তীব্র গরমের প্রভাবে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের গোলফেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যারোন নদীর পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।
আবহাওয়াবিদদের মতে, বুধবার থেকে আইবেরীয় উপদ্বীপে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে শুক্রবার নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানিতে তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে নেদারল্যান্ডসে ‘কোড অরেঞ্জ’ এবং বেলজিয়ামে জাতীয় তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপে গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপপ্রবাহের ঘটনা বাড়ছে এবং এসব তাপপ্রবাহ আগের তুলনায় আরও দীর্ঘস্থায়ী ও ভয়াবহ হয়ে উঠছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


