ভারতের রাজধানী দিল্লি থেকে উত্তরাঞ্চলীয় শহর অমৃতসর যাওয়ার পথে একটি যাত্রীবাহী বিমান ভুলবশত পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। এই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার সংশ্লিষ্ট পাইলটকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এই তথ্য জানিয়েছে।
গত ২২ জুন রাতে এয়ারবাস এ৩২১ বিমানটি নিয়ে পাইলট অমৃতসর বিমানবন্দরের কাছাকাছি পৌঁছান। ওই সময় রানওয়েতে পাখি আঘাত করার একটি খবর পাওয়ায় রানওয়ে পরীক্ষা করা হচ্ছিল। এ কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে বিমানটিকে আকাশে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়। আকাশে ঘোরার সময় রাত ১০টা ৮ মিনিটে বিমানটি অসতর্কতাবশত কিছুক্ষণের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে।
ডিজিসিএ জানিয়েছে, রাডার ভেক্টরিংয়ের মাধ্যমে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তানি আকাশসীমায় ঢুকেছিল। বিষয়টি পাকিস্তানের এটিসি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হয়েছিল। পরবর্তীতে বিমানটি আবার দিল্লিতে ফিরে যায় এবং নিরাপদে অবতরণ করে। এই ঘটনাটি তাৎক্ষণিকভাবে রিপোর্ট না করায় বিমানের পাইলট এবং অমৃতসরের একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনাটি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে এয়ারলাইনসটি জানায়, `২২ জুন দিল্লি থেকে অমৃতসরগামী এআই৪৭৯ ফ্লাইটের ক্রু সদস্যরা অমৃতসর বিমানবন্দরে অবতরণ না করে পুনরায় আকাশে ওড়ার সময় পাকিস্তানের আকাশসীমায় সামান্য প্রবেশ করেছিলেন। ঘটনাটি নিয়ন্ত্রক সংস্থাকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণভাবে তদন্ত করা হচ্ছে।‘
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমানটি পাকিস্তানের আকাশসীমার প্রায় তিন মাইল ভেতরে চলে গিয়েছিল।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, ঘটনার দিন বিকেল ৪টা ২৯ মিনিটে অমৃতসরে একটি বিমান অবতরণের পর বার্ড হিটের কথা জানায়। এর ফলে পরবর্তী পাঁচটি আগমনী ফ্লাইটকে আকাশে অপেক্ষা করতে বলা হয়েছিল। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি অবতরণের লাইনে চতুর্থ অবস্থানে ছিল।
কর্মকর্তারা আরো জানান, অমৃতসর বিমানবন্দরে যখন ‘অ্যাপ্রোচ সার্ভেল্যান্স সার্ভিস’ বা নজরদারি সেবা বন্ধ ছিল, ঠিক সেই সময়ে এই ঘটনাটি ঘটে।
পাকিস্তানের আকাশসীমা থেকে ফিরে বিমানটি অমৃতসরে আবার অবতরণের চেষ্টা করেছিল। কিন্তু জ্বালানি কমে যাওয়ার কথা জানিয়ে ক্রু সদস্যরা বিমানটিকে দিল্লিতে ডাইভার্ট করেন। রাত ১১টা ২৭ মিনিটে বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করে। এর কিছু সময় পর কর্মকর্তারা জানান, বিমানটিকে আবারও অমৃতসরের উদ্দেশ্যে পাঠানো হয় এবং এটি সফলভাবে যাত্রা শেষ করে।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এবং চার দিনের সংঘর্ষের জেরে ভারতীয় এয়ারলাইনসগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল পাকিস্তান।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


