ড্রোন হামলায় ছয় মাসে সুদানে নিহত অন্তত ৩০০ শিশু: ইউনিসেফ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ড্রোন হামলায় ছয় মাসে সুদানে নিহত অন্তত ৩০০ শিশু: ইউনিসেফ

ইউনিসেফ জানিয়েছে, গত ছয় মাসে সুদানের যুদ্ধে ৩০০-এর বেশি শিশু নিহত হয়েছে। তাদের বেশিরভাগই ড্রোন হামলার শিকার। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদান–এর সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী (আরএসএফ)-এর মধ্যে চলমান সংঘাতে দেশটি ভয়াবহ মানবিক সংকটে পড়েছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, বর্তমানে সংঘাত মূলত কর্দোফান, দারফুর ও ব্লু নাইল অঞ্চলে কেন্দ্রীভূত। এসব এলাকায় মোট হতাহতের প্রায় ৬০ শতাংশই ড্রোন হামলার কারণে ঘটছে।

বিজ্ঞাপন

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ উত্তর কর্দোফানের কৌশলগত শহর এল-ওবেইদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের মধ্যে সম্ভাব্য নৃশংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এ পর্যন্ত এ যুদ্ধে অন্তত ৫৯ হাজার মানুষ নিহত, প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং দেশের বহু অঞ্চল দুর্ভিক্ষের মুখে পড়েছে। বর্তমানে ৩ কোটির বেশি মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

ড্রোন হামলা ও গোলাবর্ষণে স্কুল, বাজার, জ্বালানি ডিপো ও পানি সরবরাহ কেন্দ্রসহ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৫ লাখের বেশি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। অনেক এলাকায় এক বছরেরও বেশি সময় ধরে মানুষ প্রায় অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছে।

সুদানে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, “শিশুরা সহিংসতা, বাস্তুচ্যুতি ও বঞ্চনার এক নিরবচ্ছিন্ন চক্রে আটকা পড়েছে।”

জাতিসংঘ সংঘাতের উভয় পক্ষের প্রতি বেসামরিক মানুষ ও অবকাঠামো সুরক্ষিত রাখা, বাধাহীন মানবিক সহায়তা পৌঁছাতে দেওয়া এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন