জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

সারা দেশে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আমার দেশ অনলাইন

সারা দেশে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার ঢাকার বাইরে সব মহানগর ও জেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে জামায়াত ছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এবি পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টিসহ ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

১১ দলীয় ঐক্য কক্সবাজার জেলা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতীয় নির্বাচন-পরবর্তী দেশের রাজনৈতিক সংকটের জন্য বিএনপিই দায়ী। কারণ, বিএনপি জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার এবং গণভোটের পক্ষে প্রচার চালিয়েছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনে বিজয়ের পর সেই বিএনপি গণরায়কে পাশ কাটিয়ে জনরায়ের প্রতি অবজ্ঞা করেছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে সংকট ঘনীভূত করেছে। অবিলম্বে আগামী সংসদ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করে আইন পাস করতে হবে। তা না হলে দেশের মানুষ রক্ত দিয়ে যেভাবে নতুন স্বাধীনতা এনেছিল, প্রয়োজনে আবার রক্ত দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা নাগরিক পার্টির আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা নাগরিক পার্টির সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনূস। সঞ্চালনা করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার শহর আমির আবদুল্লাহ আল ফারুক।

সরকারকে দ্রুত গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, গণভোটের গণরায় নিয়ে কোনো ষড়যন্ত্র জাতি বরদাস্ত করবে না। জুলাইয়ের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং ৩৬ জুলাইকে ধারণ ও স্মরণে রাখার জুলাই স্মৃতি জাদুঘর অতি দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

শনিবার বিকালে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে ১১ দলীয় ঐক্যের গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।

খুলনায় মিছিল ও সমাবেশ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে খুলানায় মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। খুলনা নিউ মার্কেট এলাকার বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের হয়।

১১ দলীয় ঐক্যের খুলনার সমন্বকারী অ্যাডভোকেট শাহ আলমের পরিচালনায় সমাবেশে জাতীয় নাগরিক পার্টির খুলনা মহানগর সংগঠক আহম্মদ হামীম রাহাতসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন।

রংপুরে মিছিল

রংপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে নগরীর জুলাই চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

সাতক্ষীরায় বিক্ষোভ

শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ১১ দলীয় ঐক্য। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে।

নীলফামারীতে গণমিছিল

শনিবার বিকালে নীলফামারীর বড় বাজার থেকে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি মোড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারসহ ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নওগাঁয় মিছিল

নওগাঁয় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে ও জুলাইয়ের খুনিদের বিচার ত্বরান্বিত করতে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার বিকাল সাড়ে ৫টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।

মুন্সীগঞ্জে বিক্ষোভ

মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। গতকাল বিকালে শহরের রেড ক্রিসেন্ট মোড় থেকে বিক্ষাভ মিছিলটি শুরু হয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে রেড ক্রিসেন্ট মোড়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য নূর হোসাইন নূরানীর সভাপতিত্বে ও জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফখরুদ্দিন রাজীর সঞ্চলনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস।

কচুয়ায় গণমিছিল

বাগেরহাটের কচুয়ায় বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় কচুয়া উপজেলা গেট থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন রংপুর অফিস, সাতক্ষীরা, নীলফামারী, নওগাঁ, মুন্সীগঞ্জ ও কচুয়া প্রতিনিধি)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...