জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী ছাত্রশিবিরসহ ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন জোটের নেতারা।
শনিবার (৪ জুলাই) বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একটি বিক্ষোভ মিছিল কুমারপাড়া মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, মণি-চত্বর ও রাজশাহী কলেজ এলাকা প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। এতে ১১ দলীয় জোটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাদের ভাষ্য, সরকার সনদে স্বাক্ষর করলেও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। একই সঙ্গে তারা অভিযোগ করেন, গণভোটে জনগণের দেওয়া রায়ও এখনো বাস্তবায়ন হয়নি। তাদের দাবি, জনগণের এই সিদ্ধান্ত উপেক্ষা করা হলে দেশে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে।
বক্তারা আরও বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা, সংবিধানের প্রয়োজনীয় সংস্কার এবং নতুন রাজনৈতিক কাঠামো গঠনের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি জ্বালানি তেল ও গ্যাসের দাম কমানোর দাবিও জানান তারা।
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির তার বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক ও ঐতিহাসিক বিষয় তুলে ধরে বলেন, দেশের জনগণ একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ড অব্যাহত থাকলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। তার অভিযোগ, সরকার এ বিষয়ে আন্তরিকতার পরিচয় দিচ্ছে না। তিনি অবিলম্বে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বির হোসেন লাল অভিযোগ করেন, সরকার একদিকে আওয়ামী লীগের বিরোধিতা করলেও অন্যদিকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে। তিনি বলেন, জুলাই আন্দোলনের চেতনাবিরোধী কোনো কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না।
সমাবেশে বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে ১১ দলীয় জোট আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও ডা. মো. জাহাঙ্গীর আলম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বির হোসেন লাল, সদস্য সচিব মো. আতিকুর রহমান এবং ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি ইমরান নাজিরসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

