রাঙামাটির রাজস্থলী উপজেলায় রাস্তার পাশে থেমে থাকা রোলার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় এক উপসহকারী কৃষি কর্মকর্তা আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের হলুদিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষক পূর্ণ সেন তঞ্চঙ্গ্যা উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের হ্নাড়ামুখ পাড়ার বাসিন্দা জ্ঞানও মোহন তঞ্চঙ্গ্যার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে রাজস্থলী সীমান্ত সড়কের ভিউ পয়েন্ট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পূর্ণ সেন। পথিমধ্যে হলুদিয়া পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা রোলার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই পূর্ণ সেনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন উপসহকারী কৃষি কর্মকর্তা নন্দী কিশোর তঞ্চঙ্গ্যা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পূর্ণ সেন তঞ্চঙ্গ্যাকে মৃত ঘোষণা করেন এবং নন্দী কিশোর তঞ্চঙ্গ্যাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরি আমার দেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

