বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বলেছেন, অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র ঝুঁকির মুখে পড়ে। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা সেটাই দেখেছি। বিগত সরকার গণমাধ্যমের স্বাধীনতা লুট করেছিল বলেই দেশে দীর্ঘকাল ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল।
শুক্রবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে এনটিভি’র ২৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সরোয়ার আরো বলেন, ‘গণমাধ্যম যখন নির্দ্বিধায় সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারবে, শাসন ক্ষমতায় থাকা ক্ষমতাসীনদের প্রশ্ন করতে পারবে, অনিয়ম দুর্নীতির কথা ভয়মুক্তভাবে বলতে পারবে, ঠিক তখনই গণতন্ত্রের যাত্রা যেমন সুদূর প্রসারী হবে তেমনি গণতন্ত্র মজবুত ভিত্তির উপর দাঁড়াবে।
এনটিভি’র সিনিয়র করেসপন্ডেন্ট আকতার ফারুক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনুস আলী সিদ্দিকি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জম হোসাইন হেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ ও এবায়েদুল হক চান, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল সমাজসেবা অধিদপ্তর প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ, বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম, শিক্ষাবিদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এএইচএম তসলিম উদ্দিন, বরিশাল বিভাগীয় ক্রিড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

