যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কবির মৃধার দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কবির মৃধার দাফন সম্পন্ন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আমেরিকান প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. কবির হাসান মৃধার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে নিজ বাড়ির প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

​এর আগে মরহুমের মরদেহ ঢাকা থেকে উজিরপুরের গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। কবির হাসান মৃধাকে শেষবারের মতো একনজর দেখতে এবং শ্রদ্ধা জানাতে দুপুরের আগে থেকেই তার বাড়িতে ভিড় জমান হাজারো মানুষ। স্বজনদের আহাজারি আর উপস্থিত মানুষের অশ্রুসিক্ত পরিবেশে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, শিক্ষাবিদ, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

​জানাজা-পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, কবির হাসান মৃধা সুদূর প্রবাসে থাকলেও তার প্রাণ পড়ে থাকত দেশের মানুষের কাছে। তিনি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নীরবে অবদান রেখে গেছেন। তার এই অকাল প্রয়াণ উজিরপুর তথা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মতো একজন দানবীর, শিক্ষানুরাগী ও মানবিক মানুষের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

​পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন কবির হাসান মৃধা। প্রবাসে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তার মরদেহ দেশে আনা হয়।

​বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কবির হাসান মৃধা বামরাইল ইউনিয়ন ও শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং ঐতিহ্যবাহী সরকারি বিএম কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন। এ ছাড়া তিনি উজিরপুর থানা বিএনপির দুইবারের সাবেক অর্থবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

​রাজনীতির পাশাপাশি সমাজ বিনির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি হস্তিশুণ্ড ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি এবং দক্ষিণ মোড়াকাঠী সূরাতুন নেছা ও মেছের উদ্দিন নূরানী ও হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। স্থানীয়দের কাছে তিনি একজন সমাজসেবক, দানশীল ও জনবান্ধব ব্যক্তি হিসেবে অত্যন্ত সমাদৃত ছিলেন।

​জানাজা শেষে হাজারো মুসল্লির উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...