পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ

বরিশাল অফিস

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ হেফাজতে থাকা এক আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর থানায় হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে একদল লোক আগৈলঝাড়া থানায় হামলা চালালে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাতে আগৈলঝাড়া ফিলিং স্টেশনসংলগ্ন জাকাত ফকিরের বাড়ির সামনে থেকে রিয়াজ ফকির (২৬) নামে এক ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে।

বিজ্ঞাপন

barishal_A

থানায় নেওয়ার পর রিয়াজ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, রিয়াজ ফকির জীবিত রয়েছেন এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকায় রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়। এর জের ধরেই বিকেলে একদল লোক থানায় হামলা চালায়।

ওসি আরো জানান, হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন