টানা কয়েক দিনের অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বান্দরবানের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়ি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
বিভিন্ন স্থানে পাহাড় ধসে মাটি ও ধ্বংসাবশেষ সড়কের ওপর জমে যায়। এছাড়া বড় বড় গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে মাঠে নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবান সেক্টর সদর দপ্তরের সদস্যরা।
বিজিবি সদস্যরা নিরলস প্রচেষ্টায় সড়কে পড়ে থাকা গাছ, মাটি ও অন্যান্য ধ্বংসাবশেষ সরিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো চলাচলের উপযোগী করেন। তাদের এ কার্যক্রমের ফলে ধীরে ধীরে বান্দরবান জেলা শহরের সঙ্গে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে।
সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা সচল করতেও সহায়তা করছে বিজিবি। উপড়ে পড়া গাছের কারণে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি মেরামতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের শুরু থেকেই বিজিবি সদস্যরা দ্রুত সাড়া দিয়ে উদ্ধার ও পুনরুদ্ধার কাজে অংশ নিয়েছেন। তাদের দায়িত্বশীল ও মানবিক উদ্যোগে সড়ক যোগাযোগ দ্রুত স্বাভাবিক হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমেছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে জনগণের পাশে দাঁড়ানো বাহিনীর অন্যতম দায়িত্ব। বান্দরবানের সার্বিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

