প্রতিদিনের মতো এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন শিক্ষক মুসা । কিন্তু সেই পথেই হয়ে গেল তার জীবনের শেষযাত্রা। পটুয়াখালীর বাউফলে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন অগ্রণী বিদ্যাপীঠ নুরাইনপুর মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো. মুসা (৪৯)।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউপির নুরাইনপুর বড় সেতুর উত্তর পাশে প্রধান সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সাহেববাড়ি জামে মসজিদে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে জায়নামাজ হাতে হেঁটে যাচ্ছিলেন শিক্ষক মুসা। নুরাইনপুর-কেশবপুর সংযোগ সেতুর কাছে পৌঁছালে বাউফল থেকে কালিশুরীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে প্রচণ্ড আঘাত পেয়ে রক্তাক্ত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম সাকিব জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা শুরুর পর তার মৃত্যু হয় । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন।
তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একজন সাদাসিধে, ধর্মপ্রাণ ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি সবার কাছে শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ ছিলেন।
শিক্ষক মুসার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

