লালমাইয়ে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

জলবায়ু পরিবর্তন মানবজাতির অন্যতম বড় চ্যালেঞ্জ

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

জলবায়ু পরিবর্তন মানবজাতির অন্যতম বড় চ্যালেঞ্জ
ছবি: আমার দেশ

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা-১০ (লালমাই-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

‘একটি গাছ, একটি প্রাণ- বাঁচবে দেশ, বাঁচবে প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক সফর। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ্।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন মানবজাতির অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

তিনি বলেন, ‘একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি মানুষের জীবন রক্ষা করে, খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করা।’

চলতি অর্থবছরে তার নির্বাচনি এলাকায় এক লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, সড়কের পাশ, খাসজমি এবং বসতবাড়ির আঙিনায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এ উদ্যোগ শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংসদ সদস্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একটি গাছ লাগিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না; গাছটিকে বড় করে তোলার দায়িত্বও নিতে হবে। শিক্ষার্থীদের পরিবেশ আন্দোলনের অগ্রদূত হিসেবে গড়ে উঠতে হবে এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিতে হবে।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ ও একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মাকসুদা সফিনাজ আক্কাছ। পুরো আয়োজন প্রাণবন্ত, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজকদের মতে, এ কর্মসূচির মাধ্যমে লালমাই উপজেলায় সবুজায়নের পরিধি আরও বিস্তৃত হবে এবং পরিবেশ সংরক্ষণে সাধারণ মানুষের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: