ক্যাম্পেইন উদ্বোধনে চসিক মেয়র

ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে

চট্টগ্রাম ব্যুরো

ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যেই চসিক সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রোববার নগরের ৪১টি ওয়ার্ডে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মেয়র জানান, নগরীর ১৩২১টি কেন্দ্রের মাধ্যমে ৬-৫৯ মাস বয়সী পাঁচ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী প্রায় ৯২ হাজার শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় চার লাখ ৭২ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে। এছাড়া নিয়মিত কেন্দ্রের পাশাপাশি ভ্রাম্যমাণ দলের মাধ্যমে পথশিশুদেরও এই কর্মসূচির আওতায় আনা হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জন্মের পর প্রথম ছয় মাস শিশু মায়ের দুধ থেকেই প্রয়োজনীয় ভিটামিন ‘এ’ পেয়ে থাকে। এছাড়া গত চার থেকে ছয় মাসের মধ্যে যেসব শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়েছে, তাদের পুনরায় ক্যাপসুল খাওয়ানো হবে না।

তিনি অভিভাবকদের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে শিশুদের ক্যাম্পেইন কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান, যাতে নগরীর কোনো শিশুই এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন