নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ৬টায় উপজেলার রয়না ভরট হাটে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক (৩৪) মুন্সীগঞ্জ সদর এলাকার শেখ সাদির ছেলে। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে এনামুলসহ তার আরো কয়েকজন বন্ধু নিজ নিজ মোটরসাইকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। পথে রয়না ভরট হাটে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময়ে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

