চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে শাহরাস্তির বানিয়াচৌ এলাকায় বাস ও বালুভর্তি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতদের মধ্যে বাস ও ট্রাকের দুই চালক রয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে বানিয়াচৌ উচ্চ বিদ্যালয়সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দিনাজপুর থেকে চাঁদপুরগামী আল আরাফাহ পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী বালুভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর বাস ও ট্রাকের যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহযোগিতা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত অনেক যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত তিনজনের মধ্যে বাস ও ট্রাকের দুই চালক রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

