উখিয়ায় ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় রিয়াদ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

উখিয়ায় ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় রিয়াদ

কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের কমিটি ২০২০ সালের ৭ অক্টোবর ঘোষণা করা হয়। কেন্দ্র ঘোষিত তিন মাসের এ কমিটি মেয়াদ শেষ হলেও বহাল রয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর উখিয়া উপজেলা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এতে উপজেলা ছাত্রদলের সম্ভাব্য নেতৃত্বে আলোচনায় আছেন জিয়াউল করিম রিয়াদ।

তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৬ সালে পালংখালী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হন। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। একই সময়ে পালংখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালে দ্বিতীয় মেয়াদে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়ে এখনো নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, পালংখালী বাজারে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হন রিয়াদ। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন তার বাড়িঘর ভাঙচুর করা হয়। ২০২৪ সালের নির্বাচনের সময় দুই দফায় পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করে বলে অভিযোগ রয়েছে।

জিয়াউল করিম রিয়াদ বলেন, ছোটবেলা থেকেই উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় থেকে আমার রাজনীতির পথচলা শুরু। অদ্যাবধি সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আশা করি সম্মানিত নেতৃবৃন্দ প্রকৃত যোগ্যদের মূল্যায়ন করবেন। ছাত্রদল আমার কাছে পরিবারের মতো। সেই পরিবারের জন্য আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

পারিবারিকভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রিয়াদের পরিবার। তার মা বর্তমানে উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও পালংখালী ইউনিয়ন মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রয়াত পিতা ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন