টানা বর্ষণে কুতুবদিয়ার শাহজির পাড়ার সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি, (কুতুবদিয়া) কক্সবাজার

টানা বর্ষণে কুতুবদিয়ার শাহজির পাড়ার সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

কক্সবাজারের কুতুবদিয়ায় টানা দুই দিনের ভারী বর্ষণে লেমশীখালী ইউনিয়নের শাহজির পাড়া এলাকার পুরোনো সংযোগ সেতুর একাংশ ধসে পড়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে লেমশীখালী ও কৈয়ারবিল ইউনিয়নের মানুষের চলাচল ব্যাহত হয়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

গত দুই দশক আগের লেমশীখালী-কৈয়ারবিল ইউনিয়ন সংযোগ সেতুটি মারাত্মক ঝুঁকিতে ছিল দীর্ঘদিন ধরে। যানবাহন না চলায় প্রতি দিন দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ পায়ে হেটে যাতায়াত করে থাকে। সেখানে আরেকটি সেতু নির্মাণের দাবিও দীর্ঘদিনের।

বিজ্ঞাপন

সেতুর পাশে শাহজির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মুজিবুর রহমান, স্থানীয় শাহজির পাড়ার নাছির উদ্দীন, ব্যবসায়ী রমজান আলী প্রমুখ জানান, এমনিতেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষ চলাচল করে আসছিল। টানা দু'দিন যাবত বৃষ্টি হওয়ায় সোমবার সকাল ১০টার দিকে সেতুটির এক পাশ ভেঙে পড়ে। এতে এখন পারাপার করাও দুষ্কর।

লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বলেন, শাহজির পাড়ায় ঝুঁকিপূর্ণ সেতু সংস্কার বা নতুন সেতু নির্মাণে বার বার আবেদন করা হয়েছে। কাজ হয়নি।

উপজেলা প্রকৌশলী আবুস উদ্দিন জানান, শাহজির পাড়ায় পুরনো সেতু পাশে আরেকটি সেতু নির্মাণে আগেই প্রস্তাবনা দেয়া আছে। সোমবার সকালে সেতুর এক পাশ ভেঙে পড়ায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন