সিডিএ চেয়ারম্যানের সঙ্গে চীনের প্রতিনিধি দলের বৈঠক

চট্টগ্রাম ব্যুরো

সিডিএ চেয়ারম্যানের সঙ্গে চীনের প্রতিনিধি দলের বৈঠক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঙ্গে চীনের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে বেলায়েত হোসেন বলেন, চীনের ব্যবসায়ীরা চট্টগ্রামের আবাসন খাতে বিনিয়োগ করতে চাই। তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদেরকে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। কেননা চট্টগ্রামের মূল শহরের ওপর জনসংখ্যার চাপ দিন দিন বাড়ছে।

তিনি বলেন, চীনা বিনিয়োগকারীরা সাধারণত বড় আকারের ‘মেগা রেসিডেন্সিয়াল প্রজেক্ট’ বা ‘স্মার্ট টাউনশিপ’ গঠনে দক্ষ। সিডিএ-এর মাস্টারপ্ল্যান অনুযায়ী হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা বা কর্ণফুলী এলাকায় আধুনিক আবাসন ও স্যাটেলাইট সিটি গড়ে তুলতে তাদের এই বিনিয়োগ বড় ভূমিকা রাখবে।

এর আগে, গতকালই প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাম্প্রতিক নিয়োগপ্রাপ্ত দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সব সেবা দানকারী সংস্থার সাথে সমন্বয় করে কাজ করার মাধ্যমে জনগণের দুর্ভোগ কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সাথে নগরকে নান্দিকভাবে সবুজ, টেকসই ও বাসযোগ্য করে গড়ে তুলতেও নির্দেশনা দেন তিনি।

বৈঠকে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন উপস্থিত থেকে সিডিএর বর্তমান কর্মকাণ্ড তুলে ধরেন। মূল শহরের ওপর চাপ কমাতে তিনি মাস্টার প্ল্যান অনুযায়ী স্যাটেলাইট সিটির আদলে হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় উপশহর গড়ে তোলার প্রস্তাব পেশ করেন। এছাড়া, সিডিএ চেয়ারম্যান সন্দ্বীপের মানুষের যাতায়াত দুর্ভোগ কমাতে একটি আধুনিক ‘সি-ট্রাক’ এবং দুই পাড়ের ফেরিঘাটে ওঠানামার টেকসই সুব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

এ প্রসঙ্গে সিডিএ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী আমার কাছে জানতে চেয়েছিলেন সন্দ্বীপ আমার সিডিএর আওতাভুক্ত কিনা। আমি বলেছি, প্রধানমন্ত্রী সন্দ্বীপ আমার এলাকায় না পড়লেও এটি আমার জন্মস্থান। তাই সেখানকার মানুষের প্রতি আমার কিছু কমিটমেন্ট রয়েছে। দীর্ঘ দিন দ্বীপবাসী যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। তাদের দুঃখের অন্ত নেই। পরে তিনি আমাকে একটি আধুনিক সি-ট্রাক ও দুই পাড়ে ফেরিঘাটকে উন্নত করে ওঠানামার সুব্যবস্থার আশ্বাস দিয়েছেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন