দুর্নীতি-সন্ত্রাসের সঙ্গে আমার দেশ আপস করবে না: মাহমুদুর রহমান

চট্টগ্রাম ব্যুরো

দুর্নীতি-সন্ত্রাসের সঙ্গে আমার দেশ আপস করবে না: মাহমুদুর রহমান

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে আমার দেশ কোনো আপস করবে না। যেই দলই হোক, যে কোনো দল, মতের অন্যায়ের বিরুদ্ধে ভয়ডরহীনভাবে আমার দেশ সাহসী সাংবাদিকতা করে যাবে। সত্য প্রকাশে আমার দেশ কখনও পিছপা হবে না।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার দেশের দুই সাংবাদিক সরকারের সঙ্গে কাজ করছে। তাদের একজন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ। অন্যজন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি মোহাম্মদ বাছির জামাল। তাদের বিরুদ্ধেও যদি কোনো দুর্নীতির অভিযোগ আসে সেটাও আমার দেশ পত্রিকায় প্রকাশ করা হবে।

এসময় মাহমুদুর রহমান বলেন, আমার দেশ বাংলাদেশের অর্থনীতির পক্ষে। লুটেরা, মাফিয়া এস আলমের পক্ষে না। সরকার যদি ইসলামী ব্যাংক মাফিয়াদের হাতে তুলে দেয়, তাহলে অবশ্যই আমরা সেটার সমালোচনা করব। আমি ইতিমধ্যে কলামেও সরকারের সমালোচনা করেছি।

তিনি আরো বলেন, আমার দেশ জামায়াতের পত্রিকাও না, বিএনপির পত্রিকাও না। আমার দেশ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে যেমন কথা বলে তেমনি সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলে। আমার দেশ কোন দলের না। আমার দেশ বাংলাদেশের পত্রিকা।

তিনি বলেন, আমার দেশ একমাত্র পত্রিকা যেটা কোনো কর্পোরেট গ্রুপের না। তাই আমরা কারো তাবেদারি করি না। বাংলাদেশের সব সরকার তাদের কতগুলো দালাল চায়। আমরা কোনো সরকারের দালাল হতে চাই না। বিজ্ঞাপনের জন্য কারো দুর্নীতি নিয়ে খবর ছাপব না, তা আমাদের সম্পাদকীয় নীতিতে অন্তত নাই। বিজ্ঞাপনের জন্য আমরা নীতি নৈতিকতা বর্গা দেব না কখনও। এককথায় দুর্নীতির সাথে নো কম্প্রোমাইজ নীতিতে অটল থাকবে দৈনিক আমার দেশ।

আমার দেশ সম্পাদক বলেন, শুরু থেকে আমার দেশ তার কর্মীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করে আসছে। আজ পর্যন্ত আমার দেশের কাছে কারো এক টাকা পাওনা নাই। আমার দেশ একটি বিদ্রোহী পত্রিকা। অনেকে বলেছেন, শেখ হাসিনার সময়েও আমরা বিপদে ছিলাম। আজও আমরা বিপদে আছি। আজও আমরা স্রোতের বিপরীতে। আমি বলব, এটাই আমার দেশের বিশেষত্ব। আমরা সবসময় স্রোতের বিপরীতে থাকি। আমরা সত্য প্রকাশ করব কোন দল, মত না দেখে। এইটাই আমাদের সম্পাদকীয় নীতি। আমার দেশ কখনও কোন সুবিধাবাদী পত্রিকা হবে না। এই নীতি থেকে আমার দেশ কখনও বিচ্যুত হবে না। যতোদিন বেঁচে থাকব এইভাবে আমার দেশ চালিয়ে নিতে চাই।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক এএইচএম জাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ও প্রধান প্রতিবেদক এম আব্দুল্লাহ।

এতে সভাপতিত্ব করেন আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি ও সঞ্চালনা করেন চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...