আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

কক্সবাজারের টেকনাফের পাহাড়ঘেঁষা বাহারছড়া এলাকায় অপহরণ, মুক্তিপণ, মাদক ও মানবপাচার দমনে জঙ্গল সলিমপুরের পাহাড়ে পরিচালিত অভিযানের আদলে বিশেষ যৌথ অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

একই সঙ্গে অপহরণপ্রবণ এলাকায় পুলিশের চৌকি স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযান জোরদার এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে অনিয়ন্ত্রিত চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার টেকনাফে জেলা ও উপজেলার শীর্ষ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তাব উঠে আসে।

চার ঘণ্টা ধরে চলা সভায় কক্সবাজার জেলা প্রশাসক আ. মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। উপস্থিত ছিলেন বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মুহিদ্দীন আহমদ, র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী প্রমুখ।

বৈঠকে অংশ নেওয়া এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সভায় মাদক, মানবপাচার ও অপহরণ প্রতিরোধে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে এসেছে।

তার মতে, আলোচনায় টেকনাফের বাহারছড়া এলাকায় অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যের কারণে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতি গুরুত্বের সঙ্গে উঠে আসে। কয়েকজন অংশগ্রহণকারী এলাকাটির বর্তমান পরিস্থিতির সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের পাহাড়ে এক সময় গড়ে ওঠা সন্ত্রাসী আস্তানার সঙ্গে তুলনা করেন।

এ কারণে বাহারছড়াকে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসীমুক্ত করতে সলিমপুরে পরিচালিত অভিযানের আদলে দ্রুত সমন্বিত যৌথ অভিযান চালানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি অপহরণপ্রবণ এলাকায় পুলিশের চৌকি স্থাপনসহ টহল জোরদারের কথাও উঠে আসে।

বৈঠক শেষে এমপি শাহজাহান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের ব্যবহার করে সংঘটিত অপহরণ, মাদক ও অন্যান্য অপরাধ দমনে করণীয় নির্ধারণের লক্ষ্যেই বিশেষ আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়েছে। শিগগির অপরাধীচক্রের বিরুদ্ধে সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত চলাচল ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...