নিষিদ্ধ আ. লীগের ব্যানার টানিয়ে ইউপি সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

নিষিদ্ধ আ. লীগের ব্যানার টানিয়ে ইউপি সদস্য গ্রেপ্তার

কুমিল্লার তিতাস উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানোর অভিযোগে বলরামপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাতাকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি মমিরুল হক।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গভীর রাতে আবুল কালাম আজাদ তার নিজ গ্রাম উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ব্যানার টানান। ব্যানারটিতে সাবেক প্রধানমন্ত্রী ও কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুরের ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

পরে ব্যানারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে তিতাস থানা পুলিশ অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা এবং অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, “তিতাস থানা পুলিশ কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করে না। যারা অপরাধ করবে বা এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...