বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে লাশ হয়ে ফিরল ভাই

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে লাশ হয়ে ফিরল ভাই

চট্টগ্রামের হাটহাজারীতে বোনের বিয়ের অনুষ্ঠানে রাস্তা পার হতে গিয়ে লাশ হয়ে ফিরল এক ভাই। শুক্রবার বিকেলে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী পৌরসভার নাফিতের ঘাটা এলাকায় ডায়মন্ড কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মো. সামির (১৪) হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পূর্ব দেওয়াননগর এলাকার শায়েস্তা খাঁ পাড়ার দুবাইপ্রবাসী মো. জসিমের একমাত্র ছেলে। সে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সামিরের মেজ বোনের বিয়ের জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিয়ের নানা কাজে ব্যস্ত সামির আনন্দ-উত্তেজনা নিয়ে শুক্রবার বেলা ৩টায় হাটহাজারী-রাউজান মহাসড়কের নাফিতের ঘাটা এলাকার রাস্তা পার হচ্ছিল। ঠিক তখনই দ্রুতগতির একটি মিনি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক রিয়াদ হোসাইন বলেন, মিনি ট্রাক জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার পিএসআই মো. রাকিবুল হাসান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন