পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, যোগাযোগ বন্ধ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, যোগাযোগ বন্ধ

চট্টগ্রামের মিরসরাইয়ে বালুবাহী একটি পিকআপের সঙ্গে সিলেটগামী ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসের সংঘর্ষ হয়েছে। রোববার সকাল ৯টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, দরবারটিলা এলাকার একটি ক্রসিং চেকপোস্ট না থাকায় বালুভর্তি একটি পিকআপ রেললাইনে আটকা পড়ে। এ সময় ট্রেনটি কাছাকাছি চলে আসলে চালক ও হেলপার দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। পরে পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় পিকআপটি দুমড়েমুচড়ে যায়।

ট্রেনযাত্রী ইকবাল হোসেন জানান, সকাল ৮টায় চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করে। জোরারগঞ্জ এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বিকট শব্দে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কিছু দূর গিয়ে ট্রেনটি থামলে যাত্রীরা দ্রুত নিচে নেমে আসেন। তবে ট্রেনের কোনো যাত্রী আহত হননি।

চিনকি আস্তানা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, এতে কোনো প্রাণহানি হয়নি। পিকআপটি ট্রেনের সঙ্গে আটকা থাকায় তাৎক্ষণিক সরানো সম্ভব হয়নি। উভয় লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানটি দ্রুত সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন