চট্টগ্রামের বাঁশখালীতে বানভাসিদের উদ্দেশ্যে পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, আপনারা একা নন, সাথে পুরো বাংলাদেশ আছে।
রোববার বিকেলে ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে বন্যা কবলিত মানুষের মাঝে চট্টগ্রামে কর্মরত পুলিশের বিভিন্ন কর্মকর্তার অর্থায়নে হাজারো মানুষের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণকালে এ কথা বলেন তিনি।
বন্যাদুর্গতদের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেন মাসুদ আলম। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক।
এ সময় মাসুদ আলম আরো বলেন, ‘আমরা মূলত এসেছি আপনাদের পাশে থাকার জন্য। আমাদের যে বা যারা চাকরি করি, তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। এটা কিন্তু সরকারি অর্থায়নে নয়, আমাদের নিজস্ব, ব্যক্তিগত অর্থায়নে। বাঁশখালীর আরো অন্যান্য বন্যা কবলিত এলাকা আছে। সাতকানিয়ায় আছে। সেখানেও আমরা যাবো। আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আমরা আপনাদের পাশে থাকতে চাই। আপনারা হয়তো ভাবতেছেন, আপনারা একা। আপনারা একা নন, আপনাদের সাথে পুরো বাংলাদেশ আছে। আপনারা সাময়িকভাবে একটু পানিবন্দি হয়েছেন, বন্যা কবলিত হয়েছেন, দুর্দশাগ্রস্ত হয়েছেন। তার মানে আপনারা একা না। কেউ আপনাদের ছেড়ে যাবে না। সবাই আপনাদের পাশে আছে।’
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক বলেন, আপনাদের অনেকের বাড়িঘর পানিতে ডুবে গেছে, তছনছ হয়ে গেছে। আপনাদেরকে সহমর্মিতা প্রদানের জন্য পুলিশ সুপার মহোদয় এসেছেন।
এসময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুমিনুল ইসলাম জিসানসহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ মোহাম্মদ সেলিম, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ রাসেল পিপিএম, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, ছনুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

