নাইক্ষ্যংছড়ির ছয় রাবার শ্রমিক অপহরণের মূলহোতা মিজান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

নাইক্ষ্যংছড়ির ছয় রাবার শ্রমিক অপহরণের মূলহোতা মিজান গ্রেপ্তার

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম বাইশারী এলাকার আলোচিত ছয় জন রাবার শ্রমিক অপহরণ সিন্ডিকেটের মূলহোতা, মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। তাদের দাবি, অপহরণের ঘটনায় মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মূলহোতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর উপজেলার জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

রোববার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।

র‌্যাব-১৫ বলছে, গত ৩ জুলাই রাত সাড়ে আটটার দিকে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীক্ষ্যংস্থ বড়ইঝিরি এলাকার একটি রাবার বাগান থেকে অস্ত্রধারী দুষ্কৃতিকারীরা ছয় জন রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। পরে অপহৃতদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।

ওই ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি অপহরণ মামলা হয়েছে। ঘটনাটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হলে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৫ ও কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল সদর উপজেলার জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় অভিযান চালিয়ে অপহরণ সিন্ডিকেটের মূলহোতা ও পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার করা আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন