ব্রাহ্মণবাড়িয়ায় গোসলে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় গোসলে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
ছবি: আমার দেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো চরচারতলা গ্রামের আলম মিয়ার ছেলে চান বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া গ্রামের নাছির নিয়াজের ছেলে রিয়ান নিয়াজ (১২)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ও আহত তিনজনই বাহাদুরপুর খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদরাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থী। বিকেলে খেলাধুলা শেষে তারা মাদরাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের ওপর দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে থাকায় পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বিষয়টি বুঝতে না পেরে পানিতে নামতেই তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাঁন বাদশা ও রিয়ান নিয়াজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাহীমকে উন্নত চিকিৎসার জন্য রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুগঞ্জ থানার তদন্ত আবু হেনা মো. মোস্তফা রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...