বিপর্যস্ত বান্দরবানে উদ্ধার-সহায়তায় সেনাবাহিনী

জেলা প্রতিনিধি, বান্দরবান

বিপর্যস্ত বান্দরবানে উদ্ধার-সহায়তায় সেনাবাহিনী
ছবি: আমার দেশ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ, পাহাড়ধস ও জলাবদ্ধতায় বিপর্যস্ত বান্দরবানে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ধস ও পানিবন্দি পরিস্থিতির শুরু থেকেই জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার, নজরদারি এবং সহায়তা কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসনের তথ্যমতে, দুর্যোগ মোকাবিলায় জেলার সাত উপজেলায় মোট ২২০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে পৌর এলাকার ১৪টি আশ্রয়কেন্দ্রে বুধবার রাত পর্যন্ত ২ হাজার ৬৭০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে বান্দরবান পৌরসভার আর্মিপাড়া, ইসলামপুর, ওয়াপদা ব্রিজ, শেরেবাংলানগর, হাফেজঘোনা, কালাঘাটা, কাশেমপাড়া, মেম্বারপাড়া, ছাইগ্যাসহ বিভিন্ন এলাকায় পাহাড়ধসের পাশাপাশি নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হন।

দুর্যোগের শুরু থেকেই পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিচ্ছেন।

এ দিকে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গেও তিনি দুর্যোগ পরিস্থিতি, সম্ভাব্য ঝুঁকি এবং করণীয় বিষয়ে মতবিনিময় করেন। স্থানীয় বাস্তবতা ও বিভিন্ন এলাকার সর্বশেষ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টিমগুলোকে প্রয়োজনীয় স্থানে মোতায়েন করা হয়।

বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণ, নিরাপদ স্থানে মানুষকে সরিয়ে নেওয়া, দুর্গতদের সহযোগিতা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করছেন। দুর্যোগ পরিস্থিতিতে সেনাবাহিনীর এই সক্রিয় উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আস্থা তৈরি করেছে।

প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভারী বর্ষণ অব্যাহত থাকায় সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সমন্বিত তৎপরতা অব্যাহত রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...