আমাদের স্বার্থপরতার কারণেই পরিবেশ দূষণ হচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

আমাদের স্বার্থপরতার কারণেই পরিবেশ দূষণ হচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
ছবি: আমার দেশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ একসময় প্রাচ্যের ড্যান্ডি ছিল। আমাদের বসবাসের পরিবেশ আমাদেরই ধরে রাখতে হবে। বর্তমানে যে পরিবেশ দূষণ হচ্ছে, তা মূলত আমাদের স্বার্থপরতার কারণে।

তোমরা (শিক্ষার্থীরা) তোমাদের বাবা-মাকে দূষণের বিষয়ে সচেতন করবে এবং ধরবে, তাহলে পরিবেশ রক্ষা করা অনেক সহজ হবে। আমাদের সকলকে প্রাণ ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

​ সোমবার নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

​চমৎকার এই আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সন্তানেরা আমাদের দেশের প্রাণ। আগামী দিনে তারাই এই দেশ পরিচালনা করবে। একেক জন একেকটি গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবে। সবাইকে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা নেই, তবে সবাইকে অবশ্যই আগে ভালো মানুষ হতে হবে।

​ শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি বিদেশে একটি সেমিনারে গিয়েছিলাম। সেখানে দেখেছি পরিবেশ রক্ষায় সচেতনতাই সবচেয়ে বড় বিষয়। আজকের বিতর্কে জাপান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের উদাহরণ এসেছে। তারা প্রতিনিয়ত নিয়মানুবর্তিতা প্র্যাক্টিস করেছে বলেই আজ এই পর্যায়ে এসেছে। আমরাও এখন সেই প্র্যাক্টিস শুরু করেছি।

​তিনি বলেন, বাচ্চাদের ছোটবেলা থেকে শেখানো হলে যেকোনো ভালো অভ্যাস টেকসই করা অনেক সহজ হয়। তিনি (প্রধানমন্ত্রী) বিদেশে একটি অনুষ্ঠানে গিয়ে জেনেছিলেন, একটি কোম্পানি তাদের বিজ্ঞাপনে শিশুদের টার্গেট করে প্রায় ৯০ শতাংশ সফলতা পেয়েছিল। আমি আমার নির্বাচনি এলাকাতেও বলেছি, কোনো স্কুল যেন অপরিচ্ছন্ন না থাকে। এ বিষয়ে আমাদের কাজ চলছে।

​প্রতিমন্ত্রী বলেন, দেশটা আমাদের সবার, তাই আমাদেরই এই দেশ গঠন করতে হবে। রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। তবে আমরা আমাদের নাগরিক দায়িত্ব সঠিকভাবে পালন করব। বর্তমানে আমাদের সমাজে একটি বড় সমস্যা হলো মোবাইল আসক্তি। আমি সন্তানদের অনুরোধ করব, মোবাইল ও মাদক আসক্তি থেকে দূরে থাকতে। আমরা চাই, আমাদের সন্তানেরা এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার দিকে আরও বেশি মনোযোগী হোক।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন