শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। লাশটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার আলম খার কান্দি এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধারের সময় তার পরনে কালো বোরকা, লাল রঙের সালোয়ার ও একটি ওড়না ছিল।
আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে নৌপুলিশ।
মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক কঙ্কন কুমার বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

