গ্রীষ্মের খরতাপে দুর্ভোগে থাকা মুন্সীগঞ্জের চরাঞ্চলের মানুষের জন্য সড়কের দুই পাশে দেড় হাজার গাছের চারা রোপণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার সকালে ‘সবুজ বনায়ন, ছায়াপথের রূপায়ণ’ প্রতিপাদ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে ‘বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন’। সংগঠনের নিজস্ব অর্থায়নে ‘ছায়াপথ-৮ ও ৯’ প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের চরবেহেরপাড়া এবং টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কাইক্কাটি এলাকার দুটি কাঁচা সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, চরের ফসলি জমির মাঝ দিয়ে যাওয়া কাঁচা রাস্তাগুলোতে কোনো গাছপালা না থাকায় গ্রীষ্মের তাপদাহে রোদে পুড়ে বাজার ঘাটে যাতায়াত করতে হয় গ্রামবাসীকে।
সংগঠনের সদস্য সালাউদ্দিন মোল্লা বলেন, চরাঞ্চলের মানুষের চলাচলের পথ ছায়াযুক্ত করে যাতায়াত স্বস্তিদায়ক করার লক্ষ্যেই এই উদ্যোগ। সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব হাসান জানান, ২০১৮ সাল থেকে ‘ছায়াপথ’ কর্মসূচির আওতায় ৯টি সড়কের পাশে এখন পর্যন্ত প্রায় দশ হাজার গাছের চারা রোপণ করেছে তাদের সংগঠন। চারা রোপণের পর তিন থেকে চার মাস নিয়মিত তত্ত্বাবধানও করা হয় বলে জানান তিনি।
কর্মসূচিতে সংগঠনের সদস্য জসিম মোল্যা, যুবায়ের শিকদার, রাকিব হাসান, মানিক শেখ, সেলিম আহমেদ ফাহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

