পাগলা মসজিদের রেকর্ড, দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

পাগলা মসজিদের রেকর্ড, দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। মসজিদের ১৫টি দানবাক্স খুলে বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পেয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

চার মাস ২৪ দিন পর শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্স গুলোতে পাওয়া টাকা ৫১টি বস্তায় ভরা হয়। রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেছী এ তথ্য জানান। দানের এই পরিমাণ অর্থ ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। গণনা শেষে অর্থ রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় জমা রাখা হবে।

টাকা গণনার কাজে অংশ নেন রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী, পাগলা মসজিদ-সংলগ্ন মাদরাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার ৩০০ জন শিক্ষার্থী ও মসজিদের ৩৩ জন কর্মচারী। ১০টি মেশিনের সাহায্যে ব্যাংক কর্মকর্তারা টাকা গণনা করেন। নিরাপত্তায় পুলিশ ও আনসারের শতাধিক সদস্য দায়িত্ব পালন করেন। এর আগে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা ছিল ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘পাগলা মসজিদের পরিচিতি ও সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। মানুষের ক্রমবর্ধমান উপস্থিতি ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার সুবিধার্থে মসজিদ সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। ইতোমধ্যে সম্প্রসারণের নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে। দানের অর্থ দিয়ে মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘ ছয় বছর পর গত ১২ অক্টোবর দানবাক্সে জমা হওয়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের ওজন সম্পন্ন হয়। এতে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার ও ১ হাজার ৮৮ ভরি রুপার অলঙ্কার পাওয়া যায়। জেলা প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষিত নয়টি মাঝারি আকারের প্লাস্টিকের কনটেইনার ও ছয়টি সিলগালা করা খাম খুলে এসব সামগ্রী গণনা ও পরিমাপ করা হয়।’

পাগলা মসজিদের দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদুল আহমেদ জানান, ‘স্বর্ণ ও রুপার অলঙ্কারগুলোর বাজারমূল্য নির্ধারণ করে নিলামে বিক্রি করা হবে। আর বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে। এবার দানবাক্সে অন্তত ২০টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। স্বর্ণালঙ্কারের পাশাপাশি সোনার চামচ ও বাটিও পাওয়া গেছে।’

তিনি আরো বলেন, ‘মসজিদের ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনেও অনুদান আসছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ পর্যন্ত জমা হয়েছে ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা।’

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় ১০ শতাংশ জমির ওপর অবস্থিত পাগলা মসজিদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে দান করতে আসেন। মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীরাও দান করেন। নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ, রুপা, বৈদেশিক মুদ্রা, হাঁস-মুরগি ও গবাদিপশুও মানত হিসেবে দেওয়া হয়। এর আগে গত ২৭ জুন মসজিদের ১৩টি দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। দিনভর গণনা শেষে জমা পড়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। দানের পরিমাণ বাড়তে থাকায় এবার আগের ১৩টি বাক্সের সঙ্গে নতুন দুটি বাক্স যুক্ত করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে এবার দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম মারুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক জানান, ‘দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন