যশোরের মণিরামপুরে পারখাজুরা বাঁওড়ের পাশের ধানক্ষেতে জমে থাকা পানিতে শাপলা তুলতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—হাজরাকাঠি গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন খাতুন (৬) এবং মফিজুর রহমানের ছেলে জিসান হোসেন (১০)। দুজনই হাজরাকাঠি মহিলা আলিম মাদরাসার প্রথম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
মণিরামপুর থানার ওসি আবু সাঈদ পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের হাজরাকাঠি ওয়ার্ডের সদস্য আবুল হোসেন জানান, পারখাজুরা বাঁওড়ের কাছে হাজরাকাঠি দাসপাড়া মোড়-সংলগ্ন জলাবদ্ধ একটি ধানক্ষেতে বেশ কিছু শাপলা ফুটেছিল। সেখানে কয়েক ফুট পানির গভীরতা ছিল। শনিবার বেলা ১১টার দিকে পাড়ার ৫-৬ জন শিশু একসঙ্গে সেখানে শাপলা তুলতে নামে। একপর্যায়ে ইয়াসমিন গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধার করতে যায় জিসান। কিন্তু দুঃখজনকভাবে দুজনই পানিতে ডুবে যায়।
তিনি আরো জানান, পানিতে তলিয়ে যাওয়া দুই শিশুর মধ্যে ইয়াসমিনকে উদ্ধার করে স্বজনরা দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হাজরাকাঠি মহিলা আলিম মাদরাসার গণিত শিক্ষক শেখ আজাদ গভীর শোক প্রকাশ করে বলেন, আমাদের প্রতিষ্ঠানের দুই শিশু শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

