বাগেরহাটে এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার

বাগেরহাটে এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার

বাগেরহাটের কচুয়া উপজেলায় এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরকোলা গ্রামে নিজ বসতঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম (৫৫), তাদের ছেলে আহাদ হাওলাদার (২২) ও মনিরা বেগমের মা রাশিদা বেগম (৮৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে কয়েকজন প্রতিবেশী নারী বাড়ির বারান্দায় রাশিদা বেগমের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের ডাকাডাকি করে। পরে ঘরের ভেতরে প্রবেশ করে তারা মনিরা বেগম ও আহাদ হাওলাদারের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও পিবিআইয়ের প্রতিনিধিরা অবস্থান করছেন।

কচুয়া থানার ওসি হারুন অর রশিদ জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারও নজরে আসেনি।

তিনি আরো জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন