খুলনায় গণপিটুনিতে চা দোকানির মৃত্যু

খুলনা ব্যুরো

খুলনায় গণপিটুনিতে চা দোকানির মৃত্যু

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজারে গণপিটুনিতে হাসান সরদার (৩৫) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে।

রোববার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাসান চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মালেক সরদারের ছেলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দাখিল করেছেন।

নিহতের স্বজনদের অভিযোগ, রোববার বিকেলে হাসানের চায়ের দোকানের পাশে স্থানীয় খালেক গাজীর ছেলে কুদ্দুস গাজী প্রস্রাব করতে বসলে এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে কুদ্দুসের ফোনে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং স্বেচ্ছাসেবক দলের পদপ্রত্যাশী নেতা ও গরু হাটের ইজারাদার নাজমুল হুদা মিন্টু ঘটনাস্থলে এসে হাসানকে মারধর করেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এরপর কয়েক দফায় তাকে হাতুড়ি, ইট ও দরজার অংশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও পরে নসিমনযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সোমবার সকালে এ ঘটনার পর নিহত হাসানের স্বজন ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কুদ্দুস গাজী ও তার ভাইয়ের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে নাজমুল হুদা মিন্টু বলেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, এলাকাভিত্তিক বিরোধ ও রাজনৈতিক প্রতিপক্ষের কারণে তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন, হাসপাতালের প্রতিবেদনে গণপিটুনিতে মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। একটি এজাহার দাখিল হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ থাকতে পারে, তবে কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না—এটি গুরুতর অপরাধ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন