নেত্রকোণার মোহনগঞ্জে বিয়ের বাড়ির ব্যস্ততার মধ্যে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে গোসলে নেমে দুই শিশু পানিতে তলিয়ে মারা গেছে। ওই দুই শিশুর সম্পর্কে আপন বোন। শুক্রবার দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- পাবই গ্রামের হ্যান্ডট্রলি চালক নিজাম উদ্দিনের দুই মেয়ে নিহা আক্তার (৭) ও নোহা আক্তার (৩)। নিজাম উদ্দিনের এই দুই মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, বাড়িতে নিজাম উদ্দিনের ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ে বাড়িতে শিশুদের মা কাজে ব্যস্ত ছিলেন। অন্যদিকে বাবা নিজাম উদ্দিনও বিয়ের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে সবার অগোচরে দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায় দুই বোন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর পুকুরে একটি শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে যান। পরে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী মিজানুর রহমান বলেন, তাদের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

