রাজশাহী মহানগরীতে বিদ্যুৎ না থাকায় ছাদে অবস্থান করেছিলেন এইচএসসি শিক্ষার্থী আখতারুজ্জামান (১৮)। অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি। গত রোববার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আখতার রাজশাহী মহানগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম আসাদুজ্জামান, তাদের স্থায়ী বাসা রাজশাহীর পবা থানায়।
জানা গেছে, রাজপাড়া থানা এলাকায় আমিনুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় আখতারুজ্জামানের পরিবার ভাড়া থাকে। গত দুই-তিন দিন ধরে তার মা বাসায় ছিলেন না।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বাসায় বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, ছাদের এক কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তিনি দুই ভবনের মাঝখানের ফাঁকা অংশে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীকালে তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহতের লাশ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

