পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরে ১৮ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজানুর রহমান।
ঘোষিত বাজেটে পৌরসভার রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৪ লাখ টাকা এবং উন্নয়ন ও প্রকল্প খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। ফলে মোট সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ১৮ কোটি ২৪ লাখ টাকা।
অন্যদিকে, রাজস্ব খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকা এবং উন্নয়ন ও প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। এতে মোট সম্ভাব্য ব্যয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা। বাজেটে ৩৫ লাখ ৮৫ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন পৌর সচিব মনছুর আলম, নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, হিসাব রক্ষণ নাজমুল হুদা, কর আদায়কারী সাইফুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, বাজেটে নাগরিক সেবার মানোন্নয়নে পরিস্কার-পরিচ্ছন্নতা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্যব্যবস্থাপনা, পৌর শহর আলোকিতকরণ ও সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণসহ জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে । একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে জনবান্ধব ও বাস্তবমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

