জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই, হাতও ছোট ও বাঁকা। কিন্তু শারীরিক এ সীমাবদ্ধতা স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি কাউনিয়া কলেজের শিক্ষার্থী কলি রানীর। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে তিনি ডান পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
জানা গেছে, রংপুরের কাউনিয়া উপজেলার গদাই গ্রামের রুপালী রানীর মেয়ে কলি রানী। জন্মগত শারীরিক প্রতিবন্ধী হলেও ছোটবেলা থেকেই লেখাপড়া চালিয়ে যাচ্ছেন তিনি। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবা মনোরঞ্জন রায় মারা যান। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবচেয়ে ছোট কলি পরিবারের সহযোগিতায় প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলেছেন।
শুধু পড়াশোনাই নয়, গানেও রয়েছে তার বিশেষ দক্ষতা। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে একাধিক সম্মাননা অর্জন করেছেন। এছাড়া তিনি পা দিয়ে কম্পিউটার ও মোবাইল ফোনও চালাতে পারেন। ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করাই তার স্বপ্ন।
পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় পা দিয়ে লিখেই ‘এ’ গ্রেড অর্জন করেন কলি। পরে এসএসসিতেও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
কলি রানীর ভাই মন্টু রাম রায় বলেন, জন্ম থেকেই তার বোনের হাতের আঙুল নেই। তাই হাতে কলম ধরতে না পারলেও ইচ্ছাশক্তির জোরে ডান পা দিয়ে লেখা শিখেছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এখন সে দ্রুত লিখতে পারে। তিনি বোনের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ও দয়ালু মানুষের সহযোগিতা কামনা করেন।
কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, অন্য পরীক্ষার্থীদের মতোই কলি রানী পা দিয়ে উত্তরপত্র লিখছে। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বিধি অনুযায়ী তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে। তিনি কলির উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কলি রানীর অগ্রযাত্রাকে থামাতে পারেনি। উপজেলা প্রশাসন সব সময় তার পাশে থাকবে। আমরা চাই সে উচ্চশিক্ষা অর্জন করে নিজের স্বপ্ন পূরণ করুক এবং সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে উঠুক।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

