পীরগাছায় ৩ ফিলিং স্টেশনকে বিএসটিআইয়ের জরিমানা

রংপুর অফিস

পীরগাছায় ৩ ফিলিং স্টেশনকে বিএসটিআইয়ের জরিমানা
ছবি: আমার দেশ

রংপুরের পীরগাছায় তিনটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

এ সময় ওজন ও পরিমাপে কারচুপি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনটি মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসন, পীরগাছার যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

রংপুর বিএসটিআই ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চৌধুরানী বাজারের মেসার্স চৌধুরানী ফিলিং স্টেশন-এ প্রতি ১০ লিটার পেট্রোলে ৭০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯/৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স স্বপন ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহে বিভিন্ন ইউনিটে ১৫০ থেকে ৩১০ মিলিলিটার পর্যন্ত কম পরিমাপ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অপরদিকে কদমতলী মোড়ের মেসার্স সোহেল এন্ড সোহাগ ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ৫২১ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫৬০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন বলেন, ‘ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ওজন ও পরিমাপে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। যারা আইন অমান্য করে জনগণের সঙ্গে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আহসান হাবিব বলেন, জ্বালানি বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের কম সরবরাহ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বিএসটিআইর তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর জানিয়েছে, জনস্বার্থে ও ভোক্তা অধিকার সুরক্ষায় জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যহত রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...