সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দিতে হবে। এসব চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।

এর আগে দুপুরে সংসদ ভবনে এসে শিক্ষার্থীরা এর অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন।

এ সময় জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার অভিজ্ঞতা তাদের জন্য অত্যন্ত আনন্দের ও শিক্ষণীয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...