বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. আতিকুর রহমান বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা, ন্যায্য মজুরি এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। এমন একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা হবে।
শনিবার বিকেল ৫টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান বলেন, দেশের ইতিহাস সাক্ষ্য দেয়—শ্রমিকদের অংশগ্রহণ ছাড়া এ দেশের কোনো বড় আন্দোলন সফল হয়নি। স্বাধীনতার ৫৪ বছরেও শ্রমিকদের ঘাম, শ্রম ও ত্যাগ ছাড়া দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল থাকত না। অথচ যাঁদের অক্লান্ত পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে, সেই শ্রমিকরাই আজও তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে দুইজন নারীসহ ১৪৯ জন শ্রমিক নিহত হয়েছেন। দেশের তৈরি পোশাকশিল্পে লাখো নারী শ্রমিক দিন-রাত পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু তাঁদের জীবনমানের প্রত্যাশিত উন্নয়ন এখনো নিশ্চিত হয়নি। নারী শ্রমিকরা এখনো বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার।
বর্তমান জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এটি শ্রমিকবান্ধব নয়; বরং ধনী ও প্রভাবশালী শ্রেণির স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে নানা মতাদর্শের নামে শ্রমিকদের মুক্তির কথা বলা হলেও অনেক ক্ষেত্রেই তাঁদের প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশেও বহু শ্রমিক নেতা শ্রমিকদের অধিকার আদায়ের কথা বললেও সাধারণ শ্রমিকের জীবনমানের কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি।
তিনি আরও বলেন, ন্যায়বিচার, ইনসাফ ও শ্রমের মর্যাদার ভিত্তিতে সমাজ গড়ে তুললেই শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা শুধু অর্থনৈতিক নয়, এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্বও বটে। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র, মালিকপক্ষ ও শ্রমিক—সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ড. জিয়াউল হক, জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান, উপদেষ্টা ড. এনামুল হক এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।
জেলা শাখার সাধারণ সম্পাদক মো. এনামুল হকের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক আবুল হাশেম বাদল, জেলা শাখার উপদেষ্টা সাইদুর রহমান, সাইদুল ইসলাম সৈকত, সিরাজুস সালেহীন, ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সাবেক সভাপতি মো. তৈয়ব আলী, সহ-সাধারণ সম্পাদক এস. এম. হাদিউজ্জামান, বীরগঞ্জ উপজেলা সভাপতি হামিদুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

