শতকোটি টাকার দুই সেতুর

সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
ছবি: আমার দেশ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোয়ালগাঁও–আমবাড়ি সড়কে নির্মিত ও নির্মাণাধীন দুটি গুরুত্বপূর্ণ সেতুর সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) উঁচু ও প্রশস্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের আপ্তরখাল সংলগ্ন সড়কে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা জানান, প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছাতক–কোম্পানীগঞ্জ (গোয়ালগাঁও–আমবাড়ি) সেতু এবং প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গণেশপুর আপ্তরখাল সেতুর সংযোগ সড়ক নিচু করে নির্মাণ করা হচ্ছে। ফলে বর্তমানে সামান্য পানি বৃদ্ধি পেলেই সড়কের কিছু অংশ তলিয়ে যাচ্ছে।

বর্ষা মৌসুমে বা বন্যার সময় পানির উচ্চতা আরও বৃদ্ধি পেলে পুরো সংযোগ সড়ক পানির নিচে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা বলেন, সংযোগ সড়ক ডুবে গেলে প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ও নির্মাণাধীন দুটি সেতুই বর্ষাকালে কার্যত অকেজো হয়ে পড়বে। এতে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হবে এবং সরকারের বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পগুলোর সুফল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেবে।

তারা দাবি জানান, নির্মাণাধীন সংযোগ সড়কের প্রাক্কলন সংশোধন করে বর্তমান লেভেল থেকে অন্তত দুই মিটার উঁচু ও প্রয়োজনীয় প্রশস্ততায় নির্মাণ করতে হবে। একই সঙ্গে নির্মাণকাজে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ তুলে মানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহারেরও দাবি জানান তারা।

মানববন্ধন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এ সময় বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, সমাজসেবক হাফিজ সোহেল আহমদ, ভিশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক নাজমুল হাসান জুয়েল এবং ব্যবসায়ী ফরিদ আহমদ।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...