২০০৪ সালের ২১ আগস্ট সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় হাফেজ নাঈম আহমেদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। একই মামলায় বিএনপির কয়েকজন নেতাসহ অন্য আসামিরা খালাস পেলেও একজন আলেমকে মৃত্যুদণ্ড দেওয়াকে বৈষম্যমূলক ও অন্যায় বলে দাবি করেছে দলটি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দিন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায় হলেও যারা সেই সরকারকে পরিচালনা করত, তারা এখনও রাষ্ট্রযন্ত্রে সক্রিয় রয়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলার রায়ে সেটিই আবারও প্রমাণিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, একই মামলায় বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী, জি কে গউছসহ নয়জন খালাস পেলেও শুধু একজন আলেম হওয়ার কারণে এবং দাড়ি-টুপি পরিধান করার কারণে হাফেজ নাঈমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি কোনোভাবেই ন্যায়বিচারের দৃষ্টান্ত হতে পারে না।
মুফতী সুলতান মহিউদ্দিন প্রশ্ন রেখে বলেন, "একই মামলায় সবাই অব্যাহতি পেলেও একজন আলেম কেন পাবেন না? হাফেজে কোরআন বা আলেম হওয়াই কি তাঁর অপরাধ? ভারত ও ইসকনকে খুশি করতেই কি হাফেজ নাঈমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে?"
তিনি বলেন, এসব প্রশ্নের সুষ্ঠু ও গ্রহণযোগ্য জবাব দেশের মানুষ জানতে চায়। একই সঙ্গে বৈষম্যমূলক বিচারিক অবস্থার অবসান এবং আলেম-ওলামাসহ সকল নাগরিকের জন্য ইনসাফভিত্তিক বিচারব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিবৃতিতে তিনি হাফেজ নাঈম আহমেদের মুক্তি দাবি করে বলেন, এই রায় বাতিল করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এ রায়ের বিরুদ্ধে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

