রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় ছিনতাই করার সময় এলাকাবাসীর গণপিটুনিতে আহত এক যুবক পুলিশ হেফাজতে মারা গেছে। শনিবার অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে জাহিদ (৩৮) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জাহিদের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার মহেশখালী গ্রামে। তিনি জয়নাল মিয়ার ছেলে।
আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়ামিন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাহিদকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর একটি মামলায় তাকে আদালতে নেওয়া হয়। আদালতে তিনি অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে আদালতের পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই ইয়ামিন সরকার জানান, জাহিদ মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না। তিনি মানুষের কাছ থেকে টাকা চাইতেন, না পেলে ছিনতাই করতেন এবং ছুরি দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, শনিবার খোরশেদ নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে জাহিদের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেন।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

