রাজধানীতে টানা ভারি বৃষ্টিতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। শনিবার সকাল ৬টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৩০ ঘণ্টার ব্যবধানে ১৭৯ মিলিমিটার অবিরাম বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। বৃষ্টি ও অপর্যাপ্ত নিষ্কাশনব্যবস্থার কারণে শহরের অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পর্যন্ত পানিতে ডুবে গেছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবী সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।
রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, গ্রিন রোড, মালিবাগ, শান্তিনগর, মিরপুর ও পুরান ঢাকার বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। কোথাও কোথাও হাঁটু থেকে কোমরপানি জমে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
অনেক স্থানে নষ্ট হওয়া গাড়ি ঠেলে বা রিকশায় চড়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহনের স্বল্পতা এবং অতিরিক্ত ভাড়ার দাবিতে যাত্রীদের সঙ্গে চালকদের বাগ্বিতণ্ডার চিত্রও দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান আমার দেশকে জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে এই ভারি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টি আগামীকালও অব্যাহত থাকতে পারে। ফলে জলাবদ্ধতা পরিস্থিতির সহসা উন্নতির কোনো লক্ষণ দেখছেন না নগরবাসী।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার ড্রেনেজ ব্যবস্থার ধারণক্ষমতা প্রয়োজনের তুলনায় অনেক কম। পলি ও প্লাস্টিক বর্জ্যে নর্দমাগুলো বন্ধ থাকায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই বড় ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি নিষ্কাশনের চেষ্টা চললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

