এএফসি উইমেন্স চ্যালেঞ্জ লিগে দেশের প্রথম প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নামছে নাবিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় পরিচালিত বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন দল রাজশাহী স্টার্স এফসি।
এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬–২৭ এর প্রিলিমিনারি স্টেজের আনুষ্ঠানিক ড্র শেষে রাজশাহী স্টার্স এফসির প্রতিপক্ষ কারা থাকছে তা নিশ্চিত হয়।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে রাজশাহী স্টার্স এফসি শুধু একটি ক্লাব হিসেবেই নয়, বরং বাংলাদেশের নারী ফুটবলের মর্যাদা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার দায়িত্বও বহন করবে।
ড্র অনুযায়ী, প্রিলিমিনারি স্টেজের গ্রুপ ‘এ’-তে রাজশাহী স্টারস এফসির প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি। আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এই গ্রুপের সব ম্যাচ।
রাজশাহী স্টার্স এফসি ক্লাব কর্তৃপক্ষ জানায়, তারা ইতোমধ্যে আন্তর্জাতিক মানের প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করেছে। দলটির টেকনিক্যাল স্টাফ, খেলোয়াড় ও ব্যবস্থাপনা আগামী কয়েক সপ্তাহে নিবিড় অনুশীলন, প্রীতি ম্যাচ এবং প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে প্রতিযোগিতার জন্য নিজেদের সর্বোচ্চভাবে প্রস্তুত করবে।
ক্লাব কর্তৃপক্ষ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), ক্লাবের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, সমর্থক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে দেশের সকল ফুটবলপ্রেমীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছে।
ড্র-পরবর্তী প্রতিক্রিয়ায় রাজশাহী স্টার্স এফসি-এর প্রেসিডেন্ট মোখছেদুল কামাল বাবু বলেন, ‘আমরা রাজশাহী স্টার্স এফসি হিসেবে নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাঠে নামব। দেশের সম্মান রক্ষায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করাই আমাদের অঙ্গীকার।’
তিনি আরো বলেন,এই অংশগ্রহণ বাংলাদেশের নারী ফুটবলের আন্তর্জাতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের নারী ফুটবলারদের জন্য নতুন অনুপ্রেরণার দ্বার উন্মোচন করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


