রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে শাহবাগ থানায় করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক তাকে গ্রেপ্তার দেখানোর এ আবেদন করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০০ কোটি টাকার ক্ষতি সাধন হয় বলে মো. কামাল হোসেন রিপন নামে একজন মামলা করেন। ওই মামলায় আসামি আফজাল হোসেনসহ ১৭ জন ও অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করা হয়।
তদন্ত কর্মকর্তা এ মামলায় তাকে আটক রাখার আবেদনে বলেন, প্রাথমিক তদন্তে এ মামলার আসামির ওই ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর ওই আদেশ দেন আদালত।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

