বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া কিংবা আবাসন পরিবর্তনের প্রয়োজন হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উপযুক্ত মেস বা বাসা খুঁজে পাওয়া। এই ভোগান্তি দূর করতে শিক্ষার্থীদের জন্য ‘ঘর বাড়ি’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের ১৪তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আবু পলাশ।
অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই বিভিন্ন মেস, বাসা ও আবাসিক হোটেলের খালি সিটের তথ্য জানতে পারবেন। একই সঙ্গে মেস মালিক বা মেস মনিটররা নিজেদের মেসের ফাঁকা সিটের তথ্য সরাসরি অ্যাপে যুক্ত ও হালনাগাদ করতে পারবেন। ফলে আবাসন খুঁজতে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া বা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর প্রয়োজন অনেকটাই কমে আসবে।
‘GhorBari’ নামে অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয়েছে। প্লে স্টোরে ‘GhorBari’ লিখে সার্চ করলেই এটি ডাউনলোড করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সোহেল বলেন, “নতুন শিক্ষার্থীদের জন্য মেস খুঁজে পাওয়া অনেক সময় খুবই কঠিন হয়ে যায়। যদি সব মেসের তথ্য এক জায়গায় পাওয়া যায়, তাহলে সময় ও ভোগান্তি—দুটোই কমবে। ‘ঘর বাড়ি’ অ্যাপটি শিক্ষার্থীদের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ।”
আরেক শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, “আমরা সাধারণত ফেসবুক পোস্ট বা পরিচিতদের মাধ্যমে মেস খুঁজি। কিন্তু সেখানে সব সময় নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। অ্যাপটি নিয়মিত হালনাগাদ করা হলে শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে।”
অ্যাপটির নির্মাতা আবু পলাশ বলেন, “মূলত নতুন শিক্ষার্থীদের আবাসন খোঁজার ভোগান্তি কমানোর লক্ষ্যেই ‘ঘর বাড়ি’ অ্যাপটি তৈরি করেছি। বিশেষ করে বৃষ্টির দিনে মেস বা বাসা খুঁজতে অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। সেই সমস্যার সহজ সমাধান দিতেই এই উদ্যোগ।”
তিনি জানান, অ্যাপটি তৈরিতে তিনি তাঁর বিভাগের সিনিয়র শিক্ষার্থী রনি ভাইয়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন। এর আগে তিনি ‘মেস ব্যবস্থাপনা’ নামে একটি অ্যাপ তৈরি করেছিলেন। ‘ঘর বাড়ি’ অ্যাপটি গুগল প্লে স্টোরে প্রকাশ করতে তাঁর প্রায় ৩৫ মার্কিন ডলার ব্যয় হয়েছে। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা চালু রাখা হয়েছে।
আবু পলাশ আরও বলেন, “এখানে যে কেউ নিজের মেস বা বাসার খালি সিটের তথ্য সহজেই যুক্ত ও হালনাগাদ করতে পারবেন। ফলে আবাসন খুঁজছেন এমন শিক্ষার্থীরা দ্রুত নির্ভরযোগ্য তথ্য পাবেন। যত বেশি মেস ও বাসার তথ্য যুক্ত হবে, তত বেশি শিক্ষার্থী উপকৃত হবে। ভবিষ্যতে এটিকে শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত ও নির্ভরযোগ্য আবাসন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।”
বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ নতুন ও বর্তমান শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত ভোগান্তি কমাতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি এটি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আবাসন ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও তথ্যনির্ভর করে তুলতে সহায়তা করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

