ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

স্টাফ রিপোর্টার

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

আগামী কয়েকদিন বৃষ্টিপাত কমে পুনরায় দেশে ভ্যাপসা গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি মাসের শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

আগের কয়েকদিনের তুলনায় শনিবার সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। এতে আগের দিনের তুলনায় তাপমাত্রা বেড়েছে।

বিজ্ঞাপন

এবারের বর্ষা তথা জনু-জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। সেইসাথে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার কথা আগেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও এবার মৌসুমের সবচেয়ে উষ্ণতম এপ্রিল-মে মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

শনিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহীনুল ইসলামেআমার দেশকে বলেন, শনিবার খুলনা ও রংপুর বিভাগে মোটেও বৃষ্টি হয়নি। অন্যান্য বিভাগেও কম বৃষ্টি হয়েছে। তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতে প্রবণতা বেশি ছিল; তা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। শনিবার সিলেটে সর্বোচ্চ ১৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় রাজশাহীতে মোটেও বৃষ্টি হয়নি।

অন্যদিকে আগের কয়েকদিনের তুলনায় শনিবার সারাদেশেই তাপমাত্রা বেড়েছে। তবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়ে শনিবার সারাদেশের মধ্যে যশোরে সর্বোচ্চ ৩৭ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা আগের দিন একই জেলায় ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রী। এ দিন রাজধানীর তাপমাত্রাও কিছুটা বেড়ে রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। আগেরদিন ছিল ৩২ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকও একই কথা আমার দেশকে বলেন, জুনে বৃষ্টি কমে যাওয়ার ঘটনা এবারই প্রথম না। এর আগে ২০১৯ সালে স্বাভাবিকের চেয়ে ৩৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছিল। এছাড়া ২০১৬ সালে ৩০ শতাংশ, ২০২৩ সালে ১৬ শতাংশ এবং ২০২৫ সালে ১৯ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চলতি বছরেও জনু-জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বৃষ্টিপাত কম হলে স্বাভাবিকভাবে তাপমাত্রাও বাড়তি থাকে। এতে গরম বেশি থাকাটাও স্বাভাবিক। এছাড়া বাতাসের গতিবেগ কমে আর্দ্রতা বেড়ে তাপমাত্রার চেয়েও ২-৩ ডিগ্রী বেশি তাপমাত্রার মতো গরম অনুভুত হবে পুরো বর্ষাজুড়েই। তবে আগামী জুলাই মাসে বৃষ্টিপাত বাড়তে পারে; ওই সময় গরম খানিকটা কমে আসতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন